
সিনেমা, নাচ, গান সবকিছুর চমকে মোড়ানো বিদায়ী ২০২২ সাল। অস্কার মঞ্চে চড়কাণ্ড নিয়ে হয়েছে আলোচনা ও সমালোচনা। অন্যদিকে, ছিলো বলিউড পাড়ার বিতর্কও। আর বছর শেষ হয়েছে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের হাওয়া সিনেমার ব্যাপক আলোড়নের মধ্যদিয়ে।
অস্কার ২০২২
বিনোদন জগতের অন্যতম তারকা ঝলমলে আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ২০২২ সালের মার্চে বসে অস্কারের ৯৪তম আসর। তবে এ আসরে তারকার পুরস্কারের হিসাবের থেকে সবথেকে বেশি আলোচনার জন্ম দেয়, চড়কাণ্ড। স্ত্রীকে নিয়ে রসিকতা করায় এবারের অস্কারের সঞ্চালক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মারেন হলিউড অভিনেতা উইল স্মিথ।
গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২২
এপ্রিলে বসে মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর। এবারের গ্র্যামির মঞ্চ মাতিয়েছে ৭০ দশকের জনপ্রিয় ব্যান্ড অ্যাবা। প্রথমবারের মতো গ্র্যামির ৬৪তম আসরে রেকর্ড অব দ্য ইয়ার ক্যাটাগরিতে জায়গা করে নেয় তাদের আই স্টিল হ্যাভ ফেইথ ইন ইউ গানটি।
মিস ওয়ার্ল্ড ২০২১
২০২১ সালের ডিসেম্বরে মিস ওয়ার্ল্ডের ৭০ তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে ৩ মাস পিছিয়ে যায় চূড়ান্ত পর্ব। ৯৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পড়েন পোল্যান্ডের কারোলিনা বিয়েলোস্কা।
বলিউড ২০২২
বিতর্ক ও সমালোচনার ঝড় থামছে না বলিউড পাড়ায়। বয়কটের ডাক দেয়া হয় বেশকিছু চলচ্চিত্রের বিরুদ্ধে। যার মধ্যে রয়েছে আমির খানের সিনেমা লাল সিং চাড্ডা, এবং মুক্তির তালিকায় থাকা শাহরুখ খানের পাঠান।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ২০২২
এবারের ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়জয়কার ছিলো বাংলাদেশের। আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় বাংলাদেশের ছবি কূড়া পক্ষীর শূন্যে উড়া (দ্য গোল্ডেন উইংস অফ ওয়াটারকক্স)। পুরস্কার না জিতলেও সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া।
ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২২
২০২২ এর শেষটা হলো সবথেকে স্মরণীয়। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরে চমকের কমতি রাখেনি আয়োজক দেশ কাতার।
ফিফা ফ্যান এন্থেমে সাউথ কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুকের গাওয়া ড্রিমার্স গানটি ব্যাপক সাড়া ফেলে শ্রোতামনে।










