মুক্ত জানালা ডেস্ক

হলিউডের সিনেমার ছড়াছড়ি রয়েছে ২০২৩ সালের পুরোটাতেই। চলতি জুন মাসেই মুক্তি পাবে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা। তাহলে এবার মুভিলাভাররা নড়েচড়ে বসতে পারেন। কী থাকছে হলিউডজুড়ে জুন মাসে? আসুন দেখে নিই।

সুপার হিরো ফ্যানদের জন্য সুখবর থাকছে জুনের প্রথম সপ্তাহেই। রয়েছে চমকও। মার্ভেল কমিকসের সুপারহিরো ক্যারেক্টার স্পাইডার ম্যান নিয়ে অ্যানিমেটেড সিনেমা ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’ থাকছে মাসের একেবারে শুরুতে।

২০১৮ সালের মুভি স্পাইডার ম্যান: ইন্টু দ্য স্পাইডার ভার্স-এর সিক্যুয়াল হিসেবে গত ২ জুনই হলিউডে মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও সাইফাই জনরার জমজমাট এই সিনেমার ডিরেক্টর হিসেবে আছেন- জোয়াকিম দস সান্তোস, কেম্প পাওয়ারস, জাস্টিন কে থম্পসন।

কীভাবে স্পাইডারম্যান মাইলস মোরালেস ও গিউয়েন স্ট্যাকি নামে দুই টিনেজার মাল্টিভার্সে গিয়ে স্পাইডার সোসাইটিকে খুঁজে বের করে এবং গোটা ইউনিভার্সের স্পাইডার পিপলদের বাঁচাতে মিশনে নামে ভিলেন দ্য স্পটের বিরুদ্ধে, তা দেখতে প্রস্তুত হোন।

দ্বিতীয় সপ্তাহেই, ৯ জুন থিয়েটারে দেখা মিলছে সাইফাই সিনেমার আরেক চমক ‘ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিস্ট’। এটি ট্রান্সফরমার ফিল্ম সিরিজের সপ্তম প্রোডাকশন। এবারের সিক্যুয়ালের প্রেক্ষাপট ১৯৯৪ সাল।

প্রাক্তন সামরিক ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ নোহ এবং আর্টিফ্যাক্ট গবেষক এলিনাকে নিয়ে গল্প এগিয়েছে। ট্রান্সফরমার রেসের তিনটি উপদল- ম্যাক্সিমালস, প্রেডাকনস এবং টেররকনস এর মধ্যে একটি ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

নোহ ও এলিনা ম্যাক্সিমালসের দল অপটিমাস প্রাইম এবং অটোবটকে একটি যুদ্ধে সাহায্য করেন। পৃথিবীকে একটি আসন্ন অন্ধকারের আগমন থেকে রক্ষা করাই ছিল যে যুদ্ধের মূল কারণ, যার মূলে ছিল ইউনিক্রন।

এরপর আসি হলিউড ছাড়িয়ে এদেশের (বাংলাদেশের) মাটি কাঁপানো সিনেমা এক্সট্রাকশন ২ নিয়ে। বাংলাদেশে শুটিং হওয়া সিনেমা এক্সট্রাকশন মুক্তির ৩ বছর পর মুক্তি পাচ্ছে এর সিক্যুয়ালটি। বাংলাদেশের এক বড় দর্শকশ্রেণির নজরে পড়া এ সিনেমায় এবারও মূল চরিত্রে দেখা যাবে অ্যাকশন সিনেমাখ্যাত তারকা ক্রিস হেমসওয়ার্থকে।

ভরপুর অ্যাকশন আর থ্রিলারে পরিপূর্ণ এই সিনেমার পরিচালনায় থাকছে স্যাম হারগ্রেভ। অনেক দর্শকের প্রতীক্ষিত সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাব্য তারিখ ১৬ জুন। হলমুক্তির পাশাপাশি ছবিটির দেখা মিলবে নেটফ্লিক্সেও।

সামনের ২৩ জুন মুক্তি পাবে জনপ্রিয় সুপার হিরো ক্যারেকটার ফ্ল্যাশ নিয়ে মুভি “দ্য ফ্ল্যাশ”। সেই ২০১৬-তে এই সিনেমার মুখ দেখার কথা থাকলেও অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। এর নির্মাণে থাকছেন আর্জেন্টাইন ফিল্মমেকার আন্দ্রেস মুশিয়েটি, আর প্রযোজনায় থাকছে ওয়ার্নার ব্রাদারস।

এই সিনেমা মুক্তি পাওয়ার আগেই কুড়াচ্ছে বেশ সুনাম। এখানে মাল্টিভার্সের কাহিনি থাকলেও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দুজন ফ্ল্যাশ, দুজন ব্যাটম্যান। দুই ফ্ল্যাশ-এর ভূমিকায়ই অভিনয় করেছেন ফ্ল্যাশখ্যাত এজরা মিলার, আর ব্যাটম্যান হিসেবে থাকছেন ব্যান অ্যাফ্লেক ও মাইকেল কিটন।

এখানে সিনেমার গল্প ঘুরবে টাইম ট্রাভেল নিয়ে। অনেকে ধারণা করছেন, মাস্টারপিস হতে যাচ্ছে সিনেমাটি। আসলেও তেমন হবে কি-না তা জানতে গোটা পৃথিবীকে অপেক্ষার প্রহর গুনতে হবে জুনের ১৬ তারিখ পর্যন্ত।

মাসের একেবারে শেষপ্রান্তে এসে মুক্তি মিলবে ইন্ডিয়ানা জোন্স সিরিজের পঞ্চম ও শেষ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’। গল্পের কেন্দ্রে রয়েছে একটি ডায়ালের কিংবদন্তি, যা সময়ের গতিপথ বদলে দিতে পারে।

প্রাচীন ও মূল্যবান এই ডায়ালের উদ্ধার অভিযানেই এবার নামছেন জোন্স। এ উদ্ধার সহজ নয়। এ কাজ করতে গিয়ে জোন্সের সাথে টক্কর লাগে নাসায় কর্মরত এক প্রাক্তন নাৎসি মতাবলম্বীর সাথে।

জোন্সের চরিত্র মাতাতে থাকছেন সবার প্রত্যাশিত হ্যারিসন ফোর্ড। ৮০ বছর বয়সে কেমন মাতাবেন অ্যাডভেঞ্চারে ভরপুর কাহিনিটি, সেটিই এখন দেখার বিষয়। ফোর্ড ছাড়া অন্যান্য চরিত্রে থাকছেন ম্যাডস মিকেলসন, ফিবি ওয়ালার ব্রিজসহ আরও অনেকে।

ইন্ডিয়ানা জোন্সের মূল অভিনেতা ঠিক থাকলেও ভিন্নতা এসেছে পরিচালনায়। সিরিজের আগের চারটি সিনেমারই পরিচালক ছিলেন স্টিভেন স্পিলবার্গ। এবার এই ভূমিকায় এসেছেন জেমস ম্যানগোল্ড।

Muktojanala

চিন্তার নতুন দিগন্ত উন্মোচনকারী এক উন্মুক্ত বাংলা প্ল্যাটফর্ম। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ভ্রমণ ও জীবনের বিচিত্র রঙ্গের বিশ্লেষণ। প্রতিদিনের ভাবনায় নতুন আলো ছড়াতে আমরা আছি আপনার পাশে।

https://www.muktojanala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *