
পৃথিবীর বৃহত্তর ব–দ্বীপ রাষ্ট্র আমাদের এই বাংলাদেশ। বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা এ দেশটিতে সমুদ্রের গুরুত্ব অপরিসীম। ধারণা করা হয় আমাদের দেশের আয়ত্তে থাকা বঙ্গোপসাগরের একটি বড় অংশে প্রচুর প্রাকৃতিক খনিজ সম্পদের ভাণ্ডার লুকায়িত আছে। যুগে যুগে এ নিয়ে ছোটখাট অনুসন্ধান বা গবেষণাও হয়েছে। তবে এবার বড় পরিসরে অনুসন্ধান চালাতে চায় সরকার। সম্প্রতি সরকার বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬টি এলাকা উন্মুক্ত করেছে, যার ১৫টিই গভীর সমুদ্রে।
এই গবেষণার কাজে দরপত্রে অংশ নিতে চীন ও তুরস্কের কয়েকটি কোম্পানি ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে। এক্সন মবিল ও বিপির মতো বৈশ্বিক জায়ান্টদের সঙ্গেও কথা বলছে পেট্রোবাংলা। প্রশ্ন হলো, সাগরের নিচে আসলে কতটা সম্পদ লুকিয়ে আছে, আর তা মিললে দেশ কতটা লাভবান হবে।
পুরোনো জরিপ, বড় অনিশ্চয়তা
২০০১ সালে পেট্রোবাংলা ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) যৌথভাবে একটি সম্ভাব্যতা-হিসাব করে। অতীতে খনন করা কূপের ফলাফল, শিলাস্তরের গঠন ও আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের আকার বিশ্লেষণ করে তারা অনুমান করেন, দেশে আরও কত গ্যাস থাকতে পারে। গড় অনুমান ছিল ৩২.১ ট্রিলিয়ন ঘনফুট, যার ২৩.৩ ট্রিলিয়ন স্থলভাগে এবং ৮.৮ ট্রিলিয়ন সমুদ্রের অগভীর অংশে। তবে সমুদ্রের এই অংশের হিসাবে ব্যবধান ছিল বিশাল।
গবেষকদের মতে, ২.৪ ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস পাওয়ার সম্ভাবনা ছিল ৯৫ শতাংশ, আর ১৭.৪ ট্রিলিয়ন পাওয়ার সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। তা ছাড়া জরিপটি হয়েছিল প্রায় ২০০ মিটার গভীর পর্যন্ত এলাকায়। তাই নতুন দরপত্রের ২৬টি ব্লকে কী আছে, তা নতুন করে জানতে হবে।
তেলের চিত্র আরও অস্পষ্ট। ওই গবেষণায় কেবল প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা দেখা হয়েছিল। সাগরে কত ব্যারেল অপরিশোধিত তেল থাকতে পারে, তার নির্ভরযোগ্য কোনো হিসাব আজও নেই। এ পর্যন্ত সাঙ্গু ও কুতুবদিয়ায় যে দুটি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, দুটিই গ্যাসক্ষেত্র।
কুতুবদিয়া ও সাঙ্গু: দুই অভিজ্ঞতার শিক্ষা
১৯৭৭ সালে কুতুবদিয়ায় গ্যাস পাওয়া গেলেও তা তোলা হয়নি। পেট্রোবাংলার ২০২২–২৩ সালের হিসাবে সেখানে প্রায় ৪,৬০০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য। কিন্তু জ্বালানি বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মতে, মজুত এত কম যে গ্যাস বিক্রি করে উৎপাদনের খরচও ওঠানো যেত না।
এর প্রায় দুই দশক পর ১৯৯৬ সালে মেলে সাঙ্গু গ্যাসক্ষেত্র। ১৯৯৮ সালে সরবরাহ শুরু হয় এবং ২০১৩ সালে উৎপাদন বন্ধ হওয়া পর্যন্ত সেখান থেকে প্রায় ৪৮,৮০০ কোটি ঘনফুট গ্যাস তোলা গেছে, যা কুতুবদিয়ার হিসাবের প্রায় ১১ গুণ। অর্থাৎ গ্যাস পাওয়া এক কথা, আর তা লাভজনকভাবে তোলা সম্পূর্ণ আলাদা প্রশ্ন।

সমুদ্রে গ্যাস মিললে দেখতে হয়, কূপ থেকে দৈনিক কতটা গ্যাস আসবে এবং কত বছর সেই হারে চলবে। এর ওপরই নির্ভর করে কূপ খনন, প্ল্যাটফর্ম স্থাপন ও উপকূল পর্যন্ত পাইপলাইনের খরচ উঠবে কি না। উপকূল থেকে দূরে একটিমাত্র ছোট ক্ষেত্রের জন্য আলাদা পাইপলাইন অত্যন্ত ব্যয়বহুল। তবে কাছাকাছি কয়েকটি ক্ষেত্র পাওয়া গেলে একই পাইপলাইনে সবগুলোর গ্যাস আনা সম্ভব, ফলে খরচ কমে।
সম্ভাবনার ভূতত্ত্ব
গঙ্গা ও ব্রহ্মপুত্র বহু যুগ ধরে বঙ্গোপসাগরে বিপুল পলি বয়ে এনেছে। সেই পলি সমুদ্রতলে যে বিশাল স্তর গড়েছে, তার নাম বেঙ্গল ফ্যান। এর বালুময় শিলার সূক্ষ্ম ফাঁকে তেল বা গ্যাস জমতে পারে। তবে এর ওপরে এমন শক্ত শিলার আবরণ থাকতে হবে, যা তেল-গ্যাসকে বেরিয়ে যেতে দেবে না। এ শর্ত না মিললে জরিপে জায়গা সম্ভাবনাময় মনে হলেও কূপ খুঁড়ে তোলার মতো মজুত না-ও মিলতে পারে।
কোথায় কূপ খোঁড়া যায়, তা বুঝতে পেট্রোবাংলার সঙ্গে কাজ করেছে দুটি বৈশ্বিক প্রতিষ্ঠান—নরওয়ের এনার্জি ডেটা ও ইন্টেলিজেন্স কোম্পানি টিজিএস এবং মার্কিন তেলক্ষেত্র সেবা প্রতিষ্ঠান এসএলবি। টিজিএসের হিসাবে, ২০২৩ সালে শেষ হওয়া এই জরিপে প্রায় ১২,৬৩৬ কিলোমিটার এলাকার তথ্য সংগ্রহ করা হয়েছে।
পদ্ধতিটি এমন—সমুদ্রের তলদেশে শব্দতরঙ্গ পাঠানো হয়, শিলাস্তরে ধাক্কা খেয়ে তা উপরে ফিরে আসে। ফিরতি সংকেত বিশ্লেষণ করে গবেষকেরা বোঝেন, নিচে স্তরগুলো কীভাবে সাজানো। তেল-গ্যাস জমার উপযোগী গঠন দেখা গেলে সেখানে আরও বিস্তারিত জরিপ চলে। শেষ ধাপে অনুসন্ধান কূপ খুঁড়েই জানা যায়, নিচে আসলে কী আছে।
প্রতিবেশীর উদাহরণ
মিয়ানমারের পশ্চিম উপকূলে এমন অনুসন্ধানে সাফল্য মিলেছে। পস্কো ইন্টারন্যাশনালের নেতৃত্বে ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে শোয়ে, শোয়েফিউ ও মিয়া নামে তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। প্রকল্পের প্রথম চুক্তি হয়েছিল ২০০০ সালে, আর গ্যাস উত্তোলন শুরু হয় ২০১৩ সালে। অর্থাৎ বঙ্গোপসাগরের এই অঞ্চল থেকে বাণিজ্যিকভাবে গ্যাস তোলা সম্ভব, তবে চুক্তি থেকে উৎপাদনে পৌঁছাতে মিয়ানমারের প্রায় ১৩ বছর লেগেছে।
কেন এত দিন এগোয়নি
২০১২ সালে মিয়ানমারের সঙ্গে এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ কোথায় অনুসন্ধানের চুক্তি দিতে পারবে, তা স্পষ্ট হয়। তবুও কোম্পানিগুলো কাজ শুরুর আগে তিনটি হিসাব কষে—কূপ খনন করতে কত খরচ, গ্যাস পাওয়ার সম্ভাবনা কতটা এবং পাওয়া গেলে কত দামে বিক্রি করা যাবে।
মার্কিন কোম্পানি কনোকোফিলিপস গভীর সমুদ্রের দুটি ব্লকে কাজ করেছিল। পেট্রোবাংলার তথ্যমতে, ২০১৪ সালে তারা একটি কূপও না খুঁড়ে ব্লক দুটি ছেড়ে দেয়। ফলে ওই দুই ব্লকের নিচে কী আছে, তা জানার সুযোগ মেলেনি। ২০২৪ সালেও সাতটি কোম্পানি দরপত্রের কাগজপত্র সংগ্রহ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউ প্রস্তাব জমা দেয়নি।
এবার শর্ত বদলেছে
বিদেশি বিনিয়োগকারীদের টানতে এবার গ্যাসের দাম নির্ধারণ ও ব্যয় ফেরতের নিয়ম সহজ করা হয়েছে।
দামের সূত্র : নতুন চুক্তিতে উৎপাদিত গ্যাসের দাম নির্ধারিত হবে বিশ্ববাজারে জ্বালানির আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দামের সঙ্গে সংযুক্ত করে। আগে এই হার ছিল ব্রেন্টের ১০ শতাংশ। এবার গভীর সমুদ্রের জন্য তা বাড়িয়ে ১১ শতাংশ করা হয়েছে। অগভীর সমুদ্রের জন্যও নতুন হার নির্ধারিত হয়েছে।
একটি উদাহরণ— ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার হলে গভীর সমুদ্রের প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম দাঁড়াবে প্রায় ১১ ডলার।
ব্যয় ফেরত : উৎপাদন শুরু হলে কোম্পানি এক বছরে মোট উৎপাদনের সর্বোচ্চ ৭৫ শতাংশ দিয়ে অনুসন্ধান ও উন্নয়ন খরচ তুলে নিতে পারবে। খরচ বাকি থাকলে তা পরবর্তী বছরগুলোতে ধাপে ধাপে সমন্বয় হবে। ব্যয় মেটানোর পর অবশিষ্ট গ্যাস চুক্তি অনুযায়ী ভাগ হবে। গভীর সমুদ্রের গ্যাস উপকূলে আনতে যে পাইপলাইন লাগবে, তার নির্মাণ খরচ ফেরত পাওয়ার সুযোগও এবার রাখা হয়েছে।
এসব সুবিধা ব্যয়বহুল গভীর সমুদ্র প্রকল্পে কোম্পানিগুলোর আগ্রহ বাড়াতে পারে।
কারা আগ্রহী
পেট্রোবাংলার কাছ থেকে প্রাথমিক তথ্য কিনেছে ১০টি প্রতিষ্ঠান। চীনের সিনোপেক ও সিএনওওসি ইন্টারন্যাশনাল এবং তুরস্কের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টিপিএও দরপত্রের কাগজপত্র নিয়েছে। সিনোপেক নির্দিষ্ট কয়েকটি ব্লকের ভূতাত্ত্বিক তথ্য আরও ভালোভাবে যাচাই করতে বিস্তারিত তথ্যও কিনেছে। এর বাইরে এক্সন মবিল, বিপি ও এনির সঙ্গে যোগাযোগ করছে পেট্রোবাংলা।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী দরপত্র জমার শেষ তারিখ ২০২৬ সালের ৩০ নভেম্বর। এরপর বোঝা যাবে কোন কোম্পানি প্রস্তাব দিল। চুক্তি হলে দেখার বিষয় হবে, তারা কয়টি কূপ খননের প্রতিশ্রুতি দিচ্ছে, প্রথম কূপ কোন ব্লকে হবে এবং কবে কাজ শুরু হবে। এসব প্রক্রিয়া শুরু হলেই ধীরে ধীরে স্পষ্ট হবে বঙ্গোপসাগরের নিচে সত্যিই কতটা তেল-গ্যাস আছে।
সম্ভাবনার আকার, আর তার সীমা
২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশ নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে প্রায় ০.৭৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস তুলেছিল। পুরোনো জরিপে অগভীর সমুদ্রের জন্য অনুমিত ৮.৮ ট্রিলিয়ন ঘনফুট ওই এক বছরের উৎপাদনের প্রায় ১২ গুণ। এ থেকে সম্ভাবনার আকার কিছুটা আঁচ করা যায়।
তবে এই অনুমান দিয়ে বলা যায় না, দেশীয় গ্যাস কত বছর চাহিদা মেটাবে। তার আগে জানতে হবে মোট কতটা গ্যাস মিলছে, তার কতটুকু লাভজনকভাবে তোলা যাবে এবং প্রতিদিন কতটা পাইপলাইনে জাতীয় গ্রিডে পাঠানো সম্ভব।
সমুদ্রে বড় কোনো গ্যাসক্ষেত্র মিললে এবং উৎপাদন শুরু হলে এলএনজি আমদানির চাপ অনেকটা কমবে, সাশ্রয় হবে বিপুল অর্থ। গ্যাস উত্তোলনের অভিজ্ঞতা, সামান্য হলেও, বাংলাদেশের আছে; তাই গ্যাস নিয়ে আশাবাদী হওয়ার যুক্তি আছে। কিন্তু তেল মিলবে কি না, তা কোনো কোম্পানি পরীক্ষামূলক কূপ খনন না করা পর্যন্ত বোঝার উপায় নেই।























